এক্স-মোডের কোড সরাতে বেঁধে দেওয়া হলো সময়

১৩ ডিসেম্বর, ২০২০ ০১:১৩  
অ্যাপে এক্স-মোড নামে এক প্রতিষ্ঠানের কোড ব্যবহারকে বাতিল ঘোষণা করেছে অ্যাপল ও গুগল। একই সঙ্গে অ্যাপ বা প্লে-স্টোরে থাকা অ্যাপ থেকে উক্ত প্রতিষ্ঠানের কোড মুছে ফেলতে ডেভেলাপারদের ৭ বা এর অধিক (ক্ষেত্র বিশেষে) সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, এক্স-মোড নামের প্রতিষ্ঠানটি স্মার্টফোন ব্যবহারকারীদের থেকে লোকেশনভিত্তিক তথ্য সংগ্রহের সঙ্গে যুক্ত ছিল। জানা গেছে, এসডিকে পদ্ধতিতে কাজ করতো এক্স-মোড। প্রতিষ্ঠানটি অ্যাপ ডেভেলাপারদের কোড দিয়ে থাকতো। এই কোড অ্যাপে ব্যবহার করে ডেভেলাপাররা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেত। অপরদিকে এক্স-মোড তাদের কোডের মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের অবস্থানবিষয়ক তথ্য সংগ্রহ এবং তা বিক্রি করতো। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম, দ্য ভার্জের তথ্য অনুযায়ী, অর্থের পরিমাণ নির্ভর করতো অ্যাপের ব্যবহারকারী হিসেবে। এক্স-মোড জানিয়েছে তাদের প্রযুক্তি ৪০০টির বেশি অ্যাপে ব্যবহার হয়ে থাকে। অপরদিকে অ্যাপল জানিয়েছে, তারা ৩০ জন ডেভেলাপারের ১০০ অ্যাপ খুঁজে পেয়েছে যেখানে এক্স-মোডের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। ডিজিটেক/আরএইচ